
ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী উপহার প্রদান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মানবসেবা, শান্তি, ঐক্য ও সুস্থ সাংস্কৃতিক বিকাশের প্রত্যয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
তিনি বলেন, “অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের যারা সুবিধাবঞ্চিত, তাদের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত মানবসেবার পরিচয় পাওয়া যায়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হারুন আর-রশিদ,
ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইউনূছ হেলাল এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন।
এছাড়া ১৪নং ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফ, সেক্রেটারি মাস্টার মো. আমির হোসাইন কামাল, হাবিব উল্লাহ ভূঁইয়া, আনোয়ার হোসেন সবুজসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, “একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই। অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানে অসহায় পরিবারের গৃহ নির্মাণে সহায়তার জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় গৃহ নির্মাণ সামগ্রী উপহার দেওয়া হয়। পরে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
















