
ক্যাপশন; ‘হাজীগঞ্জ মিনি ম্যারাথন-২০২৬ (সিজন-১)’ আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ৭৫৫ জন।
ইউসুফ বেপারী
শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘হাজীগঞ্জ মিনি ম্যারাথন-২০২৬ (সিজন-১)’। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ৭৫৫ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিযোগিতার সূচনা হয়। সেখান থেকে হাজীগঞ্জ বাজার বিশ্বরোড ও বদরপুর মোড় হয়ে নির্ধারিত পথ অতিক্রম করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় দৌড়। প্রতিযোগীদের জন্য নির্ধারিত দূরত্ব ছিল ৬ কিলোমিটার।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতাটি চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। এর মধ্যে ১৫ থেকে ৩০ বছর বয়সীদের ‘এ’, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের ‘বি’, ৪১ থেকে ৬০ বছর বয়সীদের ‘সি’ এবং নারীদের জন্য ‘এফ’ ক্যাটাগরি নির্ধারণ করা হয়।
প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, প্রথম রানারআপকে ৩ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপকে ২ হাজার টাকা প্রাইজমানি দেওয়ার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি প্রতিটি ক্যাটাগরির প্রথম তিনজনকে ক্রেস্ট ও মেডেল এবং পরবর্তী ২০ জনকে মেডেল দিয়ে পুরস্কৃত করার আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার একটি কার্যকর উদ্যোগ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
৭৫৫ জন প্রতিযোগীর অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত এ মিনি ম্যারাথন হাজীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটার পাশাপাশি সব বয়সী মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা আরও বাড়বে।


















