যমুনা ব্যাংক চাঁদপুর শাখার স্কুল ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত

শহর প্রতিনিধি

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করার লক্ষ্যে চাঁদপুরের গনি মডেল স্কুলে স্কুল ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) যমুনা ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখার শাখা ব্যবস্থাপক  তানভীর রহমান এসএভিপি, মো. জিয়াউল হক, মাহবুবুল হক  অফিসার এবং ক্রেডিট অফিসার মো. ছালামত উল্লাহসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ের গুরুত্ব, সঞ্চয়ের উপকারিতা, অর্থের সঠিক ব্যবহার, ব্যাংক হিসাব খোলার নিয়ম-কানুন এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে ওঠার পাশাপাশি তারা ভবিষ্যতে আর্থিকভাবে সচেতন, স্বাবলম্বী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ যমুনা ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের ইতিবাচক মানসিকতা সৃষ্টি, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর