হাইমচরে যুবদল সভাপতির আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝির বক্তব্যের বিষয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার আমির মাওলানা আবুল হোসাইন ও সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন বাহার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে এক যৌথ বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি হাইমচর উপজেলায় জামায়াতে ইসলামীকে কোথাও সভা-সমাবেশ করতে না দেওয়ার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, কোনো রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করতে না দেওয়ার আহ্বান রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। এ ধরনের বক্তব্য আগামী দিনে হাইমচরের গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করতে পারে বলে তারা মনে করেন।
বিবৃতিতে তারা আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে বিএনপি ও জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে হাইমচরে রাজনৈতিক সহাবস্থান ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা প্রয়োজন।
এ সময় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ।