মোঃ সাইফুদ্দীন, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
চব্বিশের আহত ও নিহত শহীদদের কাছে আমি দায়বদ্ধ — জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৬ জানুয়ারি শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ইতিহাসের শ্রেষ্ঠ ও একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চাঁদপুর জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “চব্বিশের ৫ই আগস্ট হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়ে প্রমাণ করে গেছে—আগামীর বাংলাদেশে অন্যায়, অপরাধ, অনিয়ম, দুর্নীতি ও রাতের ভোটের কোনো স্থান হবে না। ঐ দিনের আহত ও নিহত শহীদদের কাছে আমি দায়বদ্ধ।”
তিনি একটি উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তখনই সফল হবে যখন তা জনগণের বাস্তব চাহিদার সঙ্গে
সামঞ্জস্যপূর্ণ হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক সেবার মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি একাত্তর ও চব্বিশের ৫ই আগস্টে দেশ ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
