শাহরাস্তিতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বিজয় মেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় পৌর শহরের মেহের কালীবাড়ি মাঠে এটি অনুষ্ঠিত হয়।
ওই মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) নাজিয়া হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনা ও আত্মমর্যাদার প্রতীক। বিজয় মেলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটে।
স্থানীয় পণ্য ও প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলোকে এগিয়ে নিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও বলেন,সরকারি-বেসরকারি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শাহরাস্তিকে একটি উন্নত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি),এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী মো. মাইনুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ২২টি স্টল স্থান পায়। দিনব্যাপী এ মেলায় বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনী শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
