মঙ্গলবার , জুন ১৬ ২০২৬

শাহরাস্তিতে খালে ভাসমান ব্যাগে নবজাতকের লাশ উদ্ধার

শাহরাস্তি প্রতিনিধি

শাহরাস্তিতে একটি খাল থেকে প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা অজ্ঞাতনামা এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাড়ানগর (মিজী বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাড়ানগরের বাসিন্দা শাহানারা বেগম ও তার পুত্রবধূ শিরিনা বেগম বাড়ির পূর্ব পাশে নিজেদের জমিতে কাজ করার সময় পাশের খালে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ভাসতে দেখেন। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তারা সেটি খালের পাড়ে তুলে খুলে দেখেন। এ সময় ব্যাগের ভেতরে একটি নবজাতক ছেলে শিশুর লাশ দেখতে পান।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে গ্রাম পুলিশ সদস্য কামাল হোসেন বিষয়টি শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া নবজাতক শিশুটির বয়স আনুমানিক চার থেকে পাঁচ দিন হতে পারে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে খালে ভাসমান ব্যাগে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই এমন নির্মম ও অমানবিক ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শাহরাস্তি থানা সূত্রে জানা গেছে, শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।