
যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্ট।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে কিং ম্যাকার্স ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন করেছেন বাবুরহাট রেপিড ভয়েস ক্লাব। অন্যদিকে, রানার্সআপ হয়েছে কিং ম্যাকার্স ক্লাব।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের তালতলা ঢালী বাড়ি বালুর মাঠে আল-ইখওয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট শাহজাহান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক খান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মাহবুবুর রহমান জমাদার, মো. জাকির হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. হাবিবুর রহমানসহ অন্যান্য অতিথিরা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম বেপারী।
আল-ইখওয়ান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোফাজ্জল হোসেন মফু ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন, ফরিদ ঢালী ও রবিউল মিয়াজী। এ সময় ক্লাবের সদস্য মো. রুবেল ঢালী, বোরহান উদ্দিন রিসাত ঢালী, মো. সোলাইমান ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে যুবসমাজের একটি অংশ মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


















