মোঃ সাইফুদ্দীন শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ইউনিয়নের দিকদাইর এলাকার একটি মাঠে এই সমাবেশে স্থানীয় শ্রমজীবী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু সালেহ এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি হুমায়ুন কবির এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক সংগঠন আইবিডব্লিউএফ (IBWF)-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার জিয়া চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, শ্রমিক শ্রেণি দেশের অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু বর্তমান ব্যবস্থায় তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইসলামি সমাজব্যবস্থায় শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সম্ভব।”
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার জিয়া চৌধুরী বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে শ্রমিকের ঘামে যে ফসল জন্মাবে, তার ন্যায্য ভাগ সে নিজেই পাবে। ইসলাম শ্রমিকদের প্রতি সুবিচার ও সহমর্মিতার শিক্ষা দেয়।”এছাড়া বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সালসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় ইসলামই একমাত্র দিকনির্দেশনা দিতে পারে। জামায়াতে ইসলামী সবসময় শ্রমজীবী মানুষের পাশে থেকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিপুল সংখ্যক শ্রমিকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।
