শুক্রবার , এপ্রিল ১৭ ২০২৬

শাহরাস্তি মাজারের দিঘি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শাহরাস্তিতে মাজারের দিঘি থেকে অজ্ঞাত (৬৫) নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর গ্রামের হযরত শাহরাস্তি (রঃ) মাজার দিঘি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

শাহরাস্তি মডেল থানা ও স্থানীয়রা জানান, বিকেলে এলাকার শিশুরা দিঘির পাড়ে খেলতে গিয়ে পশ্চিম-দক্ষিণ কোণে ভাসমান ওই নারীর মরদেহ দেখতে পায়। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, নিহতের হাতে জুতা ধরা ছিলো। তাদের ধারণা, ওই নারী ভবঘুরে হতে পারে। সোমবার সকালে দিঘির উত্তর পাড়ে তাকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।

শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির বাসিন্দা মো. বোরহান উদ্দিন মিয়া জানান, বিকেলে দিঘির পাড়ে ঘুরতে যাওয়া শিশুরা ওই নারীর মরদেহ পানিতে ভাসতে দেখে। একই গ্রামের সৈয়দ জিলান মিয়া জানান, বিকেলে মাজারের পাশে দোকানে চা পানরত অবস্থায় শিশুদের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মহিলার মরদেহ ভাসতে দেখি। তিনি আরও জানান, মরদেহের বিভিন্ন অংশে পঁচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।