অসুস্থ বাবাকে দেখতে বাড়ি আসতেছিল রিয়াজ উদ্দিন। কিন্তু মৃত্যুদূত বাবার আগে ছেলেকেই নিয়ে গেলো! বাবাকে আর দেখা হলো না। গ্রামের বাড়ি শাহরাস্তি আসার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কুমিল্লার লালমাই থানার পুলিশ সদস্য হতভাগ্য রিয়াজ উদ্দিনের (৩১)।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত পৌনে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটামুখী রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ২০১৩ সালের ২৯ মার্চ তিনি কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। গত ১৫ আগস্ট তিনি লালমাই থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করেন। এর আগে তিনি সিলেট রেঞ্জের হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, পুলিশ সদস্য রিয়াজ উদ্দিনের পিতা বেলাল হোসেন গত শুক্রবার বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে একটি হাত ভেঙ্গে ফেলেন। বিষয়টি জানার পর ছুটি নিয়ে রিয়াজ শনিবার রাত ১১টার পরে নিজের ব্যবহৃত ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেলযোগে বাগমারা-মগবাড়ি সড়ক দিয়ে বাড়ি রওনা করেন। কর্মস্থল থেকে দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান। মাথায় হেলমেট পরা থাকলেও সড়কের পাশের একটি পিলারে আঘাত লেগে তার থুতনি ফেটে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা বেলাল হোসেন বলেন, ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠালো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
লালমাই থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ছুটি নিয়ে পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন বাড়ি যাচ্ছিলেন। নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাতে তিনি প্রাণ হারান। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
