শাহরাস্তিতে যৌথ বাহিনীর চালানো এক আকস্মিক অভিযানে ধরা পড়েছে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী।
বুধবার (১৪ মে) দুপুর ১১টা ৫০ মিনিটে উপজেলার মধ্যউপলতা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্য ও শাহরাস্তি থানা পুলিশ যৌথভাবে অভিযানে নামে। অভিযানে ২৩ বছর বয়সী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা। জয়নাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আটকের পর জয়নাল ও উদ্ধারকৃত গাঁজা শাহরাস্তি থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।
চাঁদপুর জেলায় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
