বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬

শাহরাস্তিতে চোরাই ১৪ ভরি স্বর্ণসহ গ্রেফতার ২

শাহরাস্তিতে স্বর্ণের অলংকার বানানোর একটি কারখানায় চুরির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, গত ২ মে মধ্যরাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজারে মক্কা জুয়েলার্সের অলংকার তৈরির কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কারখানার ড্রয়ারে রাখা ২৫ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ৭৫  হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন সকালে পুলিশ অভিযান চালিয়ে ১ ভরি  ৩ আনা স্বর্ণসহ ওই গ্রামের স্বর্ণকার পাড়ার হানিফের ছেলে মেহেরাজকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ওই দিন বিকেলে ১৩ ভরি ৪ আনা স্বর্ণসহ পার্শ্ববর্তী পরানপুর গ্রামের মুন্সি বাড়ির মৃত  ছাফর আলীর ছেলে মো. সালাউদ্দিনকে (২৮) গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, অভিযোগের ভিত্তিতে আমরা মেহেরাজকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় তিন জন জড়িত থাকার কথা স্বীকার করে। দুই সহযোগী স্বর্ণ নিয়ে ঢাকায় চলে যায় বলে জানায়। পরে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে ১৪ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে  আদালতে পাঠানো হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) খায়রুল কবির বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে শাহরাস্তি থেকে মেহরাজ নামে একজন আসমিকে গ্রেফতার করি। তার কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার মোহাম্মদপুর থেকে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।