চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর পারুল বেগম নামে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেন দুই নারী ছিনতাইকারী। এ সময় অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে তুলে দেয়া হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ বাজারের সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন: টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বলরামপুর এলাকার খালেক বেপারীর মেয়ে শুভা আক্তার (১৯) এবং একই এলাকার রফিকুল ইসলাম বেপারীর স্ত্রী মৌসুমী বেগম (২৫)।
ভুক্তভোগী পারুল বেগম জানান, তিনি ও তার স্বামী দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ কলাবাগান এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক শাখা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বের হন। পরে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছালে হঠাৎ দুই নারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি ‘চোর, চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ওই দুই নারীকে আটক করেন। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পারুল বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের গাছতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তারা চাঁদপুর শহর ও বিভিন্ন উপজেলা এলাকায় ঘুরে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে ফরিদগঞ্জ বাজারের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ছিনতাইয়ের চেষ্টা করে দুজন নারী। এ সময় ঘটনার শিকার ওই দম্পতির ডাকচিৎকারে স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
