আদনান মুরাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দূর্ণীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। জামায়াতে ইসলামী শুধু জামায়াতের কর্মীদের ভালোবাসে না সমগ্র দেশের মানুষকে ভালোবাসে, শুধু মুসলিমদের ভালোবাসে না সকল ধর্মের মানুষকে ভালোবাসে। এটাই জামায়াতে ইসলামী। মানুষ ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ চেয়েছে কিন্তু আল্লাহ তাকে দেশত্যাগে বাধ্য করেছেন। ইতিহাস কোন জালেমকে ক্ষমা করে না। ফ্যাসিবাদ কখনো টিকে থাকতে পারে না। তাদের নিকৃষ্ট পতন হয়। পুলিশের আতঙ্কে আমাদের গাড়ির জানালা বন্ধ করে চলতে হতো। কিন্তু আল্লাহ আজ তাদেরকে বিতাড়িত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া করতে হবে।
গতকাল শনিবার (১১ জানুয়ারি) শাহরাস্তির ঐতিহ্যবাহী কালিবাড়ি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহরাস্তি উপজেলার এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মুহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী।
শাহরাস্তি উপজেলা আমীর মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও পৌর জামায়াতের আমীর জাহাঙ্গীর আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন উর রশিদ ওসমানী, চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আওয়ামী লীগের শাসনামল এ জাতির জন্য অন্ধকার ও কলঙ্কজনক অধ্যায়। শেখ মুজিবের সমালোচনা করে বলেন, “তিনি নিজেই বলেছিলেন আমার সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বায়ে চোর। তার কর্মীরা বলতো নেতা আপনি আয়নার সামনে দাঁড়ালে কী দেখেন?” বিএনপির কতিপয় নেতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি জামায়াতকে রাজাকার বলেন তাহলে ২০ বছর আমাদের সাথে কেনো ছিলেন। আমরা যদি খারাপ হই তাহলে তো আপনারাও খারাপের অংশ হবেন। আমরা যারা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, মতবিরোধ নয় আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি, মিথ্যাচারের রাজনীতি পরিহার করি। জামায়াতের এ নেতা বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করবে। কারো উপর কোন মত চাপিয়ে দিবেন না। জামায়াতে ইসলামী কখনো কোন অমুসলিমদের বাড়িঘর দখল করে না। জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা সকল অধিকার স্বাধীনভাবে ভোগ করবে। জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়বিচারের শাসন প্রতিষ্ঠা করা হবে। প্রত্যেকটা মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
প্রধান অতিথি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। নাহলে রাষ্ট্রীয় ভাবে ভাতা দেয়া হবে। জামায়াত কোন মানুষের সাথে, রাষ্ট্রের সাথে বেঈমানি করবে না। তাই নিজেদের অধিকার আদায় জামায়াতকে একবার সুযোগ দিবেন।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং নির্বাচনী প্রতিক দাঁড়িপাল্লা নিয়ে মিছিল সহকারে সমাবেশে প্রবেশ করে৷ নির্দিষ্ট সময়ের পূর্বেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে অধ্যাপক আবুল হোসাইকে পরিচয় করিয়ে দেয়া হয়।
আরো বক্তব্য রাখেন- জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ মীর হোসাইন, ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা সাবেক আমীর মাওঃ খলিলুর রহমান, নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি মাওঃ মাঈন উদ্দিন, পৌর সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মাওঃ মনজুর হোসেন, কুমিল্লা মহানগর শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম মজুমদার, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি কাউছার আলম, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মাওঃ আমিনুল ইসলাম, পৌর সভাপতি মাওঃ মিজানুর রহমান, ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মাহবুব আলম।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
