জামায়াত ক্ষমতায় গেলে জনগণের সেবক হিসেবে কাজ করবে – মুহাদ্দিস আবু নছর আশরাফী

মোঃ আবু ইউসুফ উদয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে, শাসক হিসেবে আচরণ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

১১ ডিসেম্বর বুধবার কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ৭নং মাঝিগাছা ওয়ার্ডে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, “আল্লাহর রহমত ও আপনাদের ভোটে যদি জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে, তাহলে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব। জনগণের ন্যায্য অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া দেবো। কেউ দুর্নীতি করতে পারবে না।আমরা দুর্নীতি করব না এবং কাউকেও করতে দেব না।”

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে জামায়াতে ইসলামী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আগামী দিনের উন্নয়ন ও শান্তির পথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন ।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং বিতারা ইউনিয়নের আমির মাওলানা নাসির উদ্দিন মোল্লা। পরিচালনা করেন ইউনিয়নের নায়েবে আমির অধ্যাপক মাওলানা বশির উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানী ও এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।