চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজে হাজারো মানুষের ঢল

শহর প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঢাকার জানাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে চাঁদপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার দুপুর ২:৩০টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমের সঞ্চালনায় জানাজা নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন

জেলা বিএনপির প্রবীণ নেতা সফিউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও জেলা আমির ফরিদগঞ্জের কৃতিসন্তান মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, মোশারফ হাওলাদার। বিএনপির প্রবীণ নেতা আব্দুল হামীদ মাষ্টার, সদর বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সেক্রেটারী হারুন আর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি(২০২৬) সোহেল রুশদী, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, এনসিপির জেলা আহবায়ক মাহবুব আলম, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজি রাসেল, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন।

জানাজার নামাজে ইমামতি করেন জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মোশাররফ হোসেন, শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তানসহ বিএনপি, জামায়াতের ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মোনাজাত পরিচালনা করেন হাফেজ অলিউল্লাহ খান। জানাজা শেষে দেশ, জাতি ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজাকে কেন্দ্র করে শহরজুড়ে নেমে আসে মানুষের ঢল। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। আবেগঘন পরিবেশে জানাজাস্থল যেন পরিণত হয় শোক ও ভালোবাসার মিলনমেলায়। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক ও মানবিক সম্পর্কের স্মৃতিচারণ।