বৃহস্পতিবার , মে ১৪ ২০২৬

চাঁদপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

“কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো,
ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, চাঁদপুরের আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের হলরুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, ডা. মাইদুর রহমান সা’দ, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সবুজ এবং মুজাহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুস সাকলাইন।

এ বছর কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় মোট ২,৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধা, যোগ্যতা ও নৈতিক মানদণ্ডের ভিত্তিতে তাদের মধ্য থেকে ২১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে
ট্যালেন্টফুল বৃত্তি অর্জন করেছে ৬০ জন,
সাধারণ বৃত্তি পেয়েছে ১০৫ জন, এবং
বিশেষ বৃত্তি লাভ করেছে ৪৫ জন শিক্ষার্থী।

আলোচক অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠন, নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও সঠিক ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা বলেন, মেধার সঠিক ব্যবহার এবং আদর্শিক শিক্ষা একটি জাতিকে যোগ্য, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল আনন্দ, উৎসাহ-উদ্দীপনা ও অনুপ্রেরণার আবহ, যা অনুষ্ঠানের সাফল্যকে আরও অর্থবহ করে তোলে।