আদনান মুরাদ
নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় চাঁদপুর এখন সরগরম রাজনৈতিক অঙ্গনে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত শহর ও উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও পাড়া-মহল্লায় চলছে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ, পথসভা ও মিছিল। শ্লোগান, ব্যানার, ফেস্টুন আর মাইকের শব্দে মুখর হয়ে উঠেছে পুরো জনপদ।
প্রার্থীদের সমর্থনে ছোট-বড় অসংখ্য মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে। কোথাও শোভাযাত্রা, কোথাও আবার পায়ে হেঁটে গণমিছিল, সব মিলিয়ে উৎসবমুখর কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর প্রতীক ও ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত সময় পার করছেন।
০৮ ফেব্রুয়ারী রবিবার বাদ আসর চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শাহজাহান মিয়ার উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্তরে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে সমাবেশ শুরু হয়। পরে মিছিলটি শুরু হয়ে জোড়পুকুর পাড়, নতুনবাজার, হাজী মহসিন, চাঁদপুর সরকারী কলেজের সামনে দিয়ে তালতলা হয়ে বাসস্টেশন গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এছাড়া ধানের শীষের শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে শহরের ওয়্যারলেস, বাসস্ট্যান্ড, কালীবাড়ি, নতুন বাজার সহ একাধিক স্থানে খন্ডখন্ড মিছিল করে নেতাকর্মীরা। ধানের শীষের সমর্থনে পৌরপার্কে একটি মহিলা সমাবেশও অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখার পক্ষেও একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
সব মিলিয়ে চাঁদপুর শহর মিছিলের নগরীতে পরিনত হয়। এতে শহরজুড়ে যানজট দেখা দিলেও নির্বাচন ঘিরে শহরবাসীকে বেশ উৎফুল্লই দেখা যায়।
গ্রামাঞ্চলেও একই চিত্র। হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে চলছে রাজনৈতিক আলোচনা। এবার নির্বাচনী প্রচারণায় তরুণ ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীদের প্রচার-প্রচারণা জোরদার হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও চোখে পড়ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা মাঠে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। নির্বাচন ঘনিয়ে আসায় শেষ সময়ে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা কৌশলী প্রচারণায় মনোযোগী হয়েছেন।
সব মিলিয়ে, শেষ মুহূর্তের প্রচারণায় চাঁদপুরে এখন নির্বাচনী উত্তাপ তুঙ্গে। মিছিল-শ্লোগানে আর মাইকিংয়ে প্রকম্পিত ও উৎসবমুখর পুরো এলাকা।
