মতলব উত্তরে রিকশা চালক হাবিব উল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় হাবিব হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামি মো. কামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করে আসামি। কামাল রাজধানীর ডেমরায় একটি কারখানার নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি জানান, দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে পূর্ব পরিচিত হাবিব উল্লাহ তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেন। গত ১০ জুলাই মেয়ে দেখানোর কথা বলে মতলব উত্তরে কামালকে নিয়ে যান হাবিব। কিন্তু পরবর্তীতে মেয়ে না দেখানোয় দুজনের মধ্যে তর্ক ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে হাবিব উল্লাহকে তলপেটে ও অণ্ডকোষে লাথি মারেন কামাল। এরপর মারা গেছেন ভেবে তাকে পুকুরে ফেলে পালিয়ে নারায়ণগঞ্জে যান তিনি।
গত ১১ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের একটি পুকুর থেকে হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্তের ভিত্তিতে কামলাকে গ্রেপ্তার করে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
