তৃণমূলের মানুষকে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতন করতে হবে- জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

গ্রামাঞ্চলের সাধারণ ও প্রান্তিক মানুষের কাছে সহজে, অল্প খরচে এবং দ্রুত সময়ে সঠিক ন্যায়বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে চাঁদপুরে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের অংশীজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক এই সভাটি আয়োজিত হয়। এতে জেলার গ্রাম আদালতগুলোর কার্যক্রম আরও বেগবান করা এবং তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “গ্রাম আদালত কোনো জটিল আইনি প্রক্রিয়ার বিচারালয় নয়, বরং এটি প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে বিরোধ নিষ্পত্তির এক অনন্য সুযোগ। ‘ সমাজের সকলের জন্য গ্রাম আদালত ‘-এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে হলে তৃণমূলের মানুষকে এই আদালতের সেবা সম্পর্কে আরও সচেতন করতে হবে।”

চাঁদপুর জেলা বর্তমানে ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার পারফরম্যান্সের সাথে তুলনামূলক তথ্য আগামী সভায় উপস্থাপনের প্রস্তাব দেন এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী,  সহকারী পরিচালক (স্থানীয় সরকার) দীপংকর বাড়ৈ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ূন কবির, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক সরোয়ার আলম,

জেলা তথ্য অফিসার রহিমা আক্তার,চাঁদপুর কেবল নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, শিশু সংগঠক পিএম বিল্লাল সহ ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন স্থানীয় ও জাতীয় এনজিওর প্রতিনিধিগণ। সর্বস্তরের মানুষের কাছে গ্রাম আদালতের সুবিধা তুলে ধরে একটি বিচারবান্ধব ও অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে প্রধান অতিথির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভাটি সমাপ্ত হয়।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর