চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে একটি পুল কিংবা ব্রিজের জন্য চরম দুর্ভোগের শিকার হচ্ছে ৭ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। বাঁশগাড়ি খালের উপর প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন মানুষ। কিছুদিন পূর্বে বাঁশের সাঁকোটি ভেঙে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
সরেজমিনে বন্দুকশী বাজারে গিয়ে দেখা যায়, বিশাল এই সাঁকোটির মাঝের অংশ নদীতে ভেঙে পড়েছে। ১০-১২ জন শ্রমিক বাঁশের সাঁকোটি মেরামতে কাজ করছেন। সাঁকো ভেঙে যাওয়ায়, পাশেই ডিঙি নৌকা দিয়ে খাল পাড়ি দিচ্ছে শিশু, নারী, বৃদ্ধাসহ অসংখ্য মানুষ।
স্থানীয় একাধিক ভুক্তভোগী গ্রামবাসী বলেন, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায় ৭ টি গ্রামের মানুষ বাঁশগাড়ি খালের দুই পাড়ে বসবাস করেন। যাদেরকে কষ্ট করে বাঁশের সাকো দিয়ে যাতায়াত করতে হয়।
এলাকাবাসী আরো বলেন, খালের উপর স্থায়ীভাবে একটি কাঠের পোল কিংবা ব্রিজ নির্মাণ করা হোক। এ বিষয়ে তারা চাঁদপুর জেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এই রাজরাজেশ্বর ইউনিয়নটি চাঁদপুর সদর উপজেলার অবস্থিত। অথচ এখানকার মানুষ এখনো সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বাঁশগাড়ি খালের দুই পাড়ে প্রায় দশ হাজার মানুষের বসবাস।
ডিঙ্গি নৌকা দিয়ে তাদের এই খাল পাড়ি দিতে হয়। এতে করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শিশু এবং বয়স্ক মানুষের কষ্ট হয়।যদি এখানে একটি স্থায়ী পুল কিংবা ব্রিজ নির্মাণের করে দেয়া হয়। তাহলে এখানকার ৭টি গ্রামের প্রায় দশ হাজার মানুষ উপকৃত হবে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
