মতলব উত্তরে গাছের ডাল পড়ে একব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার আদুরভিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল আখন্দ (৫০) পাশের সিপাহীকান্দির ছায়েদ আখন্দের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে গাছের বেপারী জামাল আখন্দ একটি শিল কড়াই গাছ কাটতে যান। এ সময় গাছের গোড়া আংশিক কেটে রশি বেঁধে তা অন্যদের নিয়ে টেনে ধরার চেষ্টা করেন জামাল আখন্দ। কিন্তু সেই গাছ সরাসরি গায়ে না পড়লেও বড় একটি ডাল তাকে চাপা দেয়। এতে জামাল আখন্দ বুকে মারাত্মকভাবে আহত হন। এমন পরিস্থিতিতে সঙ্গে থাকা শ্রমিকরা দ্রুত তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক রায় জামাল আখন্দকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আদুরভিটি গ্রামের জনৈক উত্তম দাস থেকে ১৭ হাজার টাকা দিয়ে ওই শিল কড়াই গাছটি ক্রয় করেছিলেন জামাল আখন্দ।
এদিকে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুরতহাল তৈরি করেছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। তবে মৃতের পরিবারের কোনো অভিযোগ না পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
