মতলবে অটোরিকশা চালককে গুলি করে ও কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জেরে মতলব উত্তর উপজেলায় এক অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল লোক।

বুধবার ভোর রাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।

নিহত মিজানুর রহমান অভি (৩৫) এখলাছপুর গ্রামের কাজী বাড়ির প্রয়াত ফজলুল হক কাজীর ছেলে।

পুলিশ জানায়, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি কয়েকদিন পরপর এলাকায় আসতেন। ঘটনার চার থেকে পাঁচ দিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। সম্প্রতি অভির সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর (৩৫) আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

নাহিদ গাজীর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোরে স্থানীয় এক ব্যক্তি ব্যবসার কাজে এখলাছপুর লঞ্চঘাটে যাওয়ার পথে অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রবিউল হক বলেন, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভির মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব-সার্কেল) মো. খায়রুল কবির বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম ও ডান চোখের ওপর মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।