ফরিদগঞ্জ পৌরসভার ২০২৫–২০২৬ অর্থ বছরের জন্য ৬০ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ১১০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে পৌরসভা কার্যালয়ে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেট উপস্থাপনকালে প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, সরকারিভাবে প্রাপ্ত সহায়তা এবং স্থানীয় সম্পদের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে ফরিদগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত, উন্নত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এবারের বাজেট তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য পৌর এলাকায় উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। সেইসঙ্গে শহরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজও চলছে। এটি বাস্তবায়িত হলে রাস্তাঘাট, ড্রেনেজ, বিদ্যুৎ, পানি সরবরাহসহ নাগরিক পরিকাঠামোতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
বাজেট বিশ্লেষণ উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান। তিনি বলেন, এবারের বাজেটটি কেবল হিসাবের খাতা নয়, এটি ফরিদগঞ্জ পৌরবাসীর আগামী দিনের উন্নয়নের প্রতিশ্রুতি। এখানে সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু কল্যাণ এবং যুব সমাজের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পৌরসভা কর্তৃপক্ষ বিশ্বাস করে, বাজেট বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা গেলে উন্নয়ন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। বাজেট ঘোষণার পর স্থানীয় সচেতন মহল ও সাধারণ পৌরবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। অনেকে বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী বলেও অভিহিত করেছেন।
ফরিদগঞ্জ পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে প্রণীত এই বাজেট বাস্তবায়িত হলে ফরিদগঞ্জ শহর একটি সুন্দর, সুপরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক নগরীতে রূপ নেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
