ফরিদগঞ্জের রেনেসাঁ মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

ফরিদগঞ্জে রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

ফরিদগঞ্জে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেনেসাঁ মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সপ্তাহব্যাপী শিক্ষার্থী, অভিভাক ও শিক্ষকদের অংশগ্রহণের মধ্যদিয়ে নতুন প্রজন্মের মেধা বিকাশের লক্ষে শিক্ষামূলক প্রতিযোগীতা শেষে শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শাহজাহান কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শুধু পুঁথিগত বিদ্যা শিক্ষার্থীদের জীবনে সফলতা এনে দিতে পারে না। জীবনের সার্বিক সফলতার জন্য লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমি বর্তমানে জীবিকার তাগিদে দেশ-বিদেশে থাকলেও এই উপজেলায় আমার বেড়ে ওঠা, তখন দেখেছি এই এলাকাতে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। অন্ধকার এই সমাজে জ্ঞানের আলো ছড়াতে যারাই এ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, নিঃসন্দেহে তারা সমাজ তথা মানুষের জন্য মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। আজকের এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতি দেখে তা আমার পরিলক্ষিত হয়েছে। এ প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করা হবে বুদ্ধিমানের কাজ। আমি নিজেও আমার অবস্থান থেকে প্রতিষ্ঠানটির পাশে থাকার চেষ্টা করবো।

অনুষ্ঠান শেষে মনোরোম পরিবেশে পরিচালিত বিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. নাসির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ডা. ইমাম হোসেন সৌরভসহ স্থানীয় শিক্ষাবান্ধব সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।