ফরিদগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক নারী,পুরুষ ও শিশু রোগীকে বিনাখরচে চিকিৎসা ও ওষুধ দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ানলাইট ফাউন্ডেশন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ধানুয়া বাজার মৌলুভী বাড়ি প্রাঙ্গনে এই চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।
মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, চর্ম, গাইনি, শিশু, অর্থপেডিক ও চক্ষু রোগে বিশেষজ্ঞ ঢাকা ও চাঁদপুরের ১০জন চিকিৎসক ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।
আয়োজকদের পক্ষে সংগঠনের সমন্বয়কারী আশরাফুর রহমান শাওন বলেন, ‘গ্রামীণ দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ দেওয়ার লক্ষ্যে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে।’
দিনব্যাপি ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অন্তত ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেন বলে জানিয়েছেন শাওন।
এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেকচারার শাহ মোর্তুজা মোর্শেদ ও আফিয়া আহসান।
ক্যাম্পে বিনামূল্য ডায়াবেটিস, ইসিজি ও ইইজি পরীক্ষা করা হয়। ল্যাব সাপোর্টে ছিলেন অকুপেশনাল সেফটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং সোসাইটি।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নূর সারা কাদের বলেন, ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে আমাদের লক্ষ্য চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। সুস্থ জীবনযাত্রার বিষয়ে মানুষকে আরও আগ্রহী করে তোলা।’
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
