ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে পানিতে পড়ে সাইমা আক্তার নামে ১৬ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার সন্তোষপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু সাইমা আক্তার ওই গ্রামের মো. মোক্তার হোসেনের মেয়ে।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান, সকালে শিশুটির মা যখন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন, এই সুযোগে পরিবারের সদস্যদের অগোচরে সে পানিতে পড়ে যায়। দুপুরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা দেখেন শিশুটি পুকুরের পানিতে ভেসে আছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, “সাইমা আক্তার নামের এই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।” তিনি এখন গরম পড়ছে উল্লেখ করে পরিবারগুলোকে আরও সচেতনতার সাথে শিশুদের গতিবিধি লক্ষ্য করার জন্য পরামর্শ দিয়েছেন।