ফরিদগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ  

চাঁদপুর (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন দলীয় চূড়ান্ত মনোনয়নের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় মিছিলকারীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত মনোনয়ন পুনঃ বিবেচনা করে উপজেলা বিএনপির আহবায়ক এমএ হান্নানকে দেওয়ার
দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম হান্নানের একমাত্র পুত্র আবদুল্লাহ বিন হান্নান। তিনি বলেন,“আমার বাবা আজীবন আপনাদের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন। আপনাদের যে ভালোবাসা আমি দেখছি, তা কোনদিন ভুলবার নয়। তিনি বিএনপিকে নিজের পরিবারের মতো ভালোবাসতেন। অনেকে রাজনীতি করে সম্পদের পাহাড় গড়েছেন, অথচ আমার বাবা মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। যদি দলের নীতিনির্ধারকেরা আপনাদের যৌক্তিক দাবি না মানেন, আপনারা যে সিদ্ধান্ত নেবেনআমরা সেটাই মেনে নেব।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী বলেন,“আমরা আশা করি, দলীয় হাইকমান্ড আমাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং আলহাজ্ব এম হান্নানকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিয়ে আমাদের দাবির প্রতি সম্মান জানাবেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক হোসেন খান, . রহমান, মাসুদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মিজি জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিফন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, মৎস্যজীবী দলের সাবেক নেতা ইউনুস মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন এবং মহিলা দলের নেত্রী রেবেকা সুলতানা ফারজানা। এতে বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।