মঙ্গলবার , এপ্রিল ২৮ ২০২৬
'কুরআন দিবস' এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি শাখওয়াত হোসাইন।

ফরিদগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ’কুরআন দিবস’ পালিত

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শনিবার (১১ মে) ‘কুরআন দিবস’ পালন করা হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে কুরআনের মর্যাদা ও বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করার লক্ষ্য ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি শাখওয়াত হোসাইন। তিনি বলেন, “পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন—এটিই মানবতার মুক্তির একমাত্র পথ। কুরআনের শিক্ষাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার বর্তমান জেলা সেক্রেটারি মোঃ হাসিবুল হাসান, জেলা মিডিয়া সম্পাদক আল-আমিন রাজ এবং জেলা ছাত্রকল্যাণ ও দাওয়াত সম্পাদক মাহামুদ মীর।

তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, নৈতিকতা, সততা ও আদর্শ ভিত্তিক সমাজ গঠনে কুরআনের শিক্ষার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করে একটি কল্যাণকামী সমাজ গড়তে হবে।

অনুষ্ঠানে ১৫০ জন মেধাবী ছাত্রকে কুরআন শরীফ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এই মহতী উদ্যোগ অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যেন প্রজন্ম থেকে প্রজন্মে কুরআনের শিক্ষা বিস্তার লাভ করে।