ফরিদগঞ্জে আগুনে নিঃস্ব দিনমজুরের পরিবার

ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে এক দিনমজুরের পরিবার। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর গ্রামের ছৈয়াল বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দিনমজুর আইয়ুব মোল্লা (৩৫) এবং তার স্ত্রী তাসলিমা বেগম (২৭), দুই সন্তান ও বৃদ্ধা মা নুরজাহান বেগমকে (৫৫) নিয়ে পাঁচ সদস্যের পরিবারটি এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। আগুনে তাদের বসতঘর, আসবাবপত্র, পোশাক, থালাবাটি এমনকি প্রয়োজনীয় নথিপত্র পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী আইয়ুব মোল্লা বলেন, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। স্ত্রীও সন্তানদের মাদ্রাসায় দিতে বাইরে যান। কিছুক্ষণের মধ্যে খবর পাই, আমাদের ঘরে আগুন লেগেছে। সব কিছু শেষ হয়ে গেছে, এখন এক কাপড়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।

স্থানীয় বাসিন্দা খোকন মিয়া বলেন, এই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। সরকার ও সমাজের বিত্তবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো। তবেই তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. কামরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন সব কিছু পুড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা খোঁজ নিচ্ছি এবং পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।’