ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান পাটোয়ারীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চরকুমিরা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
তিনি জানান, বিগত জাতীয় নির্বাচনের সময় পুলিশের উপর হামলা ও বিগত জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার চেষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা কার্যালয় ভাঙচুর মামলার আসামি মজিবুর রহমান পাটোয়ারী। এছাড়া তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের মৃত আব্দুস সাত্তার পাটোয়ারীর ছেলে মজিবুর রহমান পাটোয়ারী। দীর্ঘদিন ধরে পৌরসভা আওয়ামী লীগ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন তিনি।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরও গত প্রায় ১১ মাস এলাকায় অবস্থান করছিলেন মজিবুর রহমান পাটোয়ারী। তবে এসময় বেশ সতর্কভাবে চলাফেরা করতেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের এই নেতাকে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
