চাঁদপুরে টাস্কফোর্স কর্তৃক মহামায়া এলাকার ছোট সুন্দর বাজার ও হাজীগঞ্জ উপজেলার গোবরা এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া বেকারি সামগ্রী তৈরি করায় আনন্দ বেকারিকে ২০ হাজার টাকা এবং রুটিতে মেয়াদ না থাকায় মালয়েশিয়ান কফি হাউজকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে।
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়াও নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
জেলা পুলিশের একটি টিম এ সময় সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
