স্টাফ রিপোর্টার
ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট এর জেলা নেতৃবৃন্দ।
২৭ জানুয়ারী, মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্ত্বর সামনে থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুমিল্লা রোড, হাজী মহসিন রোড হয়ে ছায়াবানী মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী হাবীবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে সেখানে তাকে বাঁধা দেয়া হয়। তিনি ও তার দল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে প্রচারণা চালাতে চেয়েছিলেন। কিন্তু হাবীবুল্লাহ বাহার কলেজে যাওয়ার পর তাদের ওপর ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের ওপরেও ডিম পড়বে। আমরা এই ধরনের পরিবেশ চাই না।
বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর এডভোকেট মো: শাহজাহান খান, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোঃ নোয়াইম, যুবশক্তির নেতা তাফিম।
শাহজাহান মিয়া আরো বলেন, গত কয়েক দিনে দেশের ছয়-সাতটি জেলায় ১১ দলের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। ‘নির্বাচন কমিশন ও পুলিশের নীরবতার সুযোগে একটি বিশেষ দল ও জোট আচরণবিধি লঙ্ঘন করে সুবিধা নিচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে।’
যদি আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কী? কিন্তু মনে রাখবেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।’ তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তবে আমাদের যা করণীয় আমরা তা-ই করব।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
