চাঁদপুর জেলায় আগামী শুক্রবার (০৯ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত জেলার মোট ২০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসক ও জেলা পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার সার্বিক প্রস্তুতির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের জালিয়াতি বা অসদুপায় ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
এতে বলা হয়েছে, পরীক্ষার হলে কেউ অসদুপায় অবলম্বন করলে কিংবা এই কাজে কাউকে সহযোগিতা করলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস বা অন্য কোনো গুজব ছড়ানো থেকে বিরত থাকতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের নিয়োগ পরীক্ষার মাধ্যমে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
