মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার ৬ দিনের মধ্যে যুগ্ন-আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সাইমন মিয়া।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তিনি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।
পদত্যাগপত্রে সাইমন মিয়া উল্লেখ করেন, ছাত্রদলের নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে না জানিয়ে যুগ্ন-আহবায়ক হিসেবে রাখা হয়েছে। এতে রাজনৈতিক আত্মসম্মানহানী হয়েছে। ফলে কমিটির কর্মকাণ্ড চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় যুগ্ন-আহবায়ক পদ থেকে পদত্যাগ করছি। উল্লেখ্য, গত ২২ আগস্ট চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী এবং সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল পাটোয়ারীর স্বাক্ষরিত প্যাডে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়। সেই কমিটিতে সাইমন মিয়াকে যুগ্ন-আহবায়ক করা হয়েছিল। সাইমন মিয়ার পদত্যাগে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
