মতলব উত্তর উপজেলায় নামাজরত অবস্থায় বিষাক্ত গোখরার ছোবলে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল বাহেরচর এলাকায় এই ঘটনা ঘটে।
ফাতেমা বেগম মোহনপুর ইউনিয়নের চরাঞ্চল বাহেরচর গ্রামের বাসিন্দা আরিফুল মিয়াজির স্ত্রী।
পরিবার জানায়, রাতে প্রতিদিনের মতো এশার নামাজ আদায় করছিলেন ফাতেমা বেগম। নামাজ শেষ করার সময় হঠাৎ একটি গোখরা সাপ তাঁর কোমরে ছোবল দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে নৌপথে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এলাকার বাসিন্দা মুহাম্মদ ফয়জুল্লাহ জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঝোপ থেকে বিষাক্ত গোখরা সাপটিকে বের করে পিটিয়ে মেরে ফেলে। প্রায় ১০-১২ দিন আগে ফাতেমা বেগমের বসতঘরের ভেতর থেকে একটি গোখরা সাপ মারা হয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, দুর্গম চরাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে গেছে। কিন্তু সঠিক চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা না থাকায় এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে।
ফাতেমা বেগমের স্বামী আরিফুল মিয়াজি বলেন, ‘আমরা দুর্গম চরাঞ্চলে বসবাস করি, এখানে কোনো হাসপাতাল বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই। নদীপথে অনেক কষ্টে স্ত্রীকে হাসপাতালে নিতে হয়েছিল। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়।’
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, এবার সাপে কাটা রোগী বেশি। ফাতেমা বেগমকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে।
