ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া-নদোনা-কবিরুপসা-রুপসা সড়কটি পাকাকরণের দাবিতে স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নদোনা-পাইকপাড়া সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা রাখেন সিআইপি কৃষক সংগ্রাম কমিটির সদস্য রহিমা কলি ও সমাজকর্মী রহিমা আক্তার কলি, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমানসহ রাস্তা পাকাকরণ সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার শতশত নারী-পুরুষ উপস্থিত থেকে নিজেদের দুর্ভোগের কথা জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাইকপাড়া-নদোনা-কবিরুপসা-রুপসা সড়কটি কাঁচা থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছে। অনেক সময় কোমরে পানি দিয়ে হেঁটে যাতায়াত করতে হয়। বিশেষ করে নারী ও শিশুদের চলাফেরায় মারাত্মক ঝুঁকি থাকে।
ফসলী জমি থেকে ধান, সবজি ও অন্যান্য পণ্য পরিবহনে ভীষণ বিপদের সম্মুখীন হতে হয় কৃষকদের। উৎপাদিত ফসল বাজারে নিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষিজীবী পরিবারগুলো। ব্যবসায়ী ও দিনমজুর শ্রেণির লোকজনও পড়ছেন বিপাকে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুলতানা রাজিয়া’র কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা অবিলম্বে রাস্তা পাকাকরণের ঘোষণা ও কার্যক্রম শুরুর দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত সময়ের মধ্যে রাস্তা পাকাকরণের বিষয়ে কোনো ঘোষণা না দেয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা ঘেরাও কর্মসূচি পালিত হবে। তাতেও কোনো সাড়া না মিললে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা।
এলাকাবাসী বলেন, স্বাধীনতার এত বছর পরও তারা একটি পাকা রাস্তার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করে।
