প্রতি ৮জনে ১জনের ডায়াবেটিস থাকা অত্যন্ত উদ্বেগজনক — জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

কেএম সালাহউদ্দিন//

“ডায়াবেটিসে দেরি নয়-ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে স্বাস্থ্য প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক ও চ্যাডাস-এর সভাপতি আহমেদ জিয়াউর রহমান বলেন, “আমাদের সম্ভাব্য ডায়াবেটিক রোগীর সংখ্যা ১৩ শতাংশের উপরে চলে গেছে। প্রতি আট জনের মধ্যে একজনের ডায়াবেটিস থাকা মানে প্রায় ১২.৫ থেকে ১৩ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক ও অকল্পনীয়।”

 

তিনি আরও বলেন, মানুষের কায়িক শ্রমের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় গরিব মানুষের মধ্যেও এখন ডায়াবেটিস দেখা দিচ্ছে। আগেকার দিনের মতো আর কায়িক শ্রমভিত্তিক ডেইলি লেবার বা কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। গ্রামীণ জনপদের মানুষ কৃষিকাজ ছেড়ে শহরে এসে ইজিবাইক বা সিএনজি চালনা পেশায় যুক্ত হচ্ছেন।

 

যেখানে শারীরিক পরিশ্রম অনেক কম। আমাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং কম শারীরিক পরিশ্রমই দেশে ডায়াবেটিস বৃদ্ধির মূল কারণ। তিনি উল্লেখ করেন, সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে সপ্তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের উপরে থাকা শীর্ষ ছয়টি দেশের জনসংখ্যা (চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইন্দোনেশিয়া, পাকিস্তান) আমাদের দেশের তুলনায় অনেক বেশি।

 

আলোচনা সভার পূর্বে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে প্রধান অতিথি, সমিতির সকল সদস্য এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য রোড শো বের করা হয়। স্কাউট সদস্যদের বাদকদের তালে তালে এই র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর এবং চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.কে.এম মাহাবুবুর রহমান।

 

প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল আজমের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষক মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শায়ের গফুর। এ ছাড়া প্রতিপাদ্য বিষয়ের ওপর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপন করেন পুষ্টিবিদ মো. মাজহারুল হক চৌধুরী।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন—চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও আজীবন সদস্য সোহেল রুশদী, প্রতিষ্ঠাতা ও চাঁদপুর চেম্বার সভাপতি সুভাষ চন্দ্র রায়, পরিচালনা পর্ষদ সদস্য ডা. বিশ্বনাথ পোদ্দার, আজীবন সদস্য ডা. মাঈনুল মজুমদার, শিশু বিশেষজ্ঞ ডা. গফুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার, রোটারিয়ান মাহমুদা খানম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, রাজনীতিবিদ মজিবুর রহমান এবং অ্যাডভোকেট কামাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর