নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন পূর্ব ফতেপুর গ্রামের জাহিরুল ইসলাম (২২) এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে হেদায়েত উল্লাহ ওরফে মনির (৪০) নামের এক ব্যক্তি ফার্নিচারের ব্যবসার প্রলোভন দেখিয়ে নগদ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রতারণামূলকভাবে মোট ৮,৯৮,০০০/- (আট লক্ষ আটানব্বই হাজার) টাকা আত্মসাৎ করে।
পুলিশ সুপার চাঁদপুর জনাব রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে গত ১১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মতলব উত্তর থানা এলাকা থেকে নজরুল ইসলাম ওরফে নজু (৫৭) ও মোঃ আল আমিন ওরফে রিফাত (৩০) কে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫) এবং তার সহযোগী রাব্বি হোসেন ওরফে জাবেদ (২৪) কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হেদায়েত উল্লাহ ওরফে মনিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, বিশেষ করে সহজ-সরল গ্রাম্য নারীদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ব্যাংক একাউন্ট খুলে চেক বই ও ডেবিট/ভিসা কার্ড নিজেদের হেফাজতে রেখে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে প্রতারণা করে আসছিল। অভিযানকালে আসামীদের হেফাজত হতে বিভিন্ন ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংকের মোট ০৬টি চেক বই ও ১৯টি ডেবিট/ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত একাধিক একাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
