বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬

হাজীগঞ্জে আমীরে জামায়াতের পথসভা, চাঁদপুর শহরে মোটর শোভাযাত্রা

আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় হাজীগঞ্জ  পশ্চিম বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান।

কেন্দ্রীয় আমীরের চাঁদপুরে আগমন উপলক্ষে সমগ্র জেলার নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জেলার অলিতে গলিতে চলছে ব্যাপক প্রচারণা।

এরই ধারাবাহিকতায় চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মোটর সাইকেল শোভযাত্রা। চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রা হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে বাসস্ট্যান্ড, ওয়ারল্যাস, বাবুরহাট এলাকা প্রদক্ষিণ করে শহরের মিশন রোড মোড়ে এসে পথসভার মাধ্যমে সমাপ্তি হয়।

এ সময় বক্তব্য দেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, আগামী শনিবার চাঁদপুর জেলা জামায়াতের আয়োজনে পথসভা স্মরণকালের জনসভায় রূপ নিবে ইনশাআল্লাহ। সে আলোকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চাঁদপুর জেলা জামায়াত। আজকে আমাদের শোভাযাত্রার সময় শহরে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, এর জন্য আমি সংগঠনের পক্ষ থেকে সবার কাছে আন্তরিক দু:খ প্রকাশ করছি।

উল্লেখ্য একইদিন সকাল ৯টায় আমিরে জামায়াত লক্ষ্মীপুর জেলা সদরের সামাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন। ফেরার পথে বিকাল ৩ টায় হাজীগঞ্জ এর পথসভায় বক্তব্য রাখবেন।