
স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, একটি পরিবারকে শিক্ষিত করতে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাবা-মাকেও পরিশ্রম করতে হয়। একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের পেছনে প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের নিরলস পরিশ্রম ও আন্তরিকতা রয়েছে।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ জন্য তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আগামী দিনের বাংলাদেশ তোমাদেরই পরিচালনা করতে হবে। তাই এখন থেকেই নিজেদের সেভাবে প্রস্তুত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মারজানা ঈষা ও আয়শা খানমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চাঁদ সুলতানা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাসরিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

















