দিগন্ত ডেস্ক
এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য পাঁচ বছরই যথেষ্ট বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা এমন কোনো আশ্বাস দেব না যেটা এখানে নেই। যেটা এখানে আছে সেটারই আশ্বাস দেবো। যা বলবো ইনশাআল্লাহ জান-প্রাণ দিয়ে সেটাই করার চেষ্টা করবো। যেভাবে সহযোদ্ধারা জান-প্রাণ দিয়ে আমাদের জুলাই এনে দিয়েছে, সেভাবে আগামীর দায়িত্বও আমরা পালন করবো জান-প্রাণ দিয়ে।
রোববার সকালে রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি মাঠে ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সারা বাংলাদেশ জেগে উঠেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে। পুরানো বন্দোবস্তের সঙ্গে তারা নেই। বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না। নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই।
জামায়াত আমির বলেন, বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান আমরা দেখতে চাই। এখন জনগণ আগামী ১২ তারিখ সেই রায় দেবে। জনগণ দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে। জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে।
তিনি বলেন, নাহিদ আপনাদের এলাকার সন্তান। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায়, আল্লাহর মেহেরবানীতে যদি অর্জিত হয়- তাহলে সেই সরকার অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখতে পাবেন। আমরা হাতে হাত ধরে একসঙ্গে কাজ করবো।
তিনি বলেন, আসুন, একটা বেইনসাফমুক্ত, জুলুমবাজমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত, মামলাবাজমুক্ত, আধিপত্যবাদমুক্ত একটা ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ গড়তে আমরা হাতে হাত, কাধে কাধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই।
জামায়াত আমির বলেন, আগস্টের ৬ তারিখ থেকে শুরু করে ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতে বসে যে ভিক্ষুক ভিক্ষা করে তার কাছ থেকে চাঁদা আদায় করছে।
