চাঁদপুরে এনসিপির আয়োজিত ইফতার মাহফিলে অতিথিবৃন্দ।

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ইফতার মাহফিল

আদনান মুরাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম সদস্য সচিব মিরাজ মিয়া বলেছেন, তরুণ প্রজন্মকে ছলচাতুরী দিয়ে,কেবলমাত্র একটি নির্বাচন দিয়ে দমিয়ে রাখা যাবে না। এই নতুন বাংলাদেশে পরিবার তন্ত্রের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে, এখানে চাঁদাবাজের পরিবর্তে আইনের শাসন হবে।

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৯ মার্চ শনিবার চাঁদপুর প্রেসক্লাবে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবি, সর্বসাধারণ ও এতিমদের সাথে নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মিরাজ মিয়া বলেন, বাংলাদেশের ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসে সাম্য, মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করে এমন কোন রাজনৈতিক দল গড়ে উঠেনি। ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র জনতা তাদের অতীত ইতিহাস সম্পর্কে সচেতন। এবারের ছাত্র জনতা কোন রাজনৈতিক দল দ্বারা প্রতারিত হতে চায় না। এবারের ছাত্র-জনতা যেই আশা-আকাঙ্ক্ষা স্পিরিট নিয়ে অভ্যুত্থানে অংশ নিয়েছিল সেই আশা আকাঙ্ক্ষা স্পিরিট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে।

এনসিপি’র এ নেতা বলেন, ফ্যাসিবাদ  বিরোধী আন্দোলনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে তাদের মধ্যে মতের ভিন্নতা থাকবে, দলের ভিন্নতা থাকবে কিন্তু আওয়ামী লীগের বিচার,  যারা হত্যাকারী, লুটপাটকারি তাদের বিচার হতে হবে।

তিনি বলেন, সংস্কার এবং নির্বাচন পরস্পর বিরোধী নয়। শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য অভ্যুত্থান হয়নি। এই কারণে এনসিপি বলতে চায় জুলাইয়ে যে সকল রাজনৈতিক দল একতাবদ্ধ ছিলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণেও আমরা একতাবদ্ধ থাকবো, শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না।

তিনি আরো বলেন এই নতুন বাংলাদেশে তরুণ প্রজন্মকে ছল চাতুরি দিয়ে, শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে দমিয়ে রাখা যাবে না। এই নতুন বাংলাদেশে পরিবার তন্ত্রের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে, এখানে চাঁদাবাজের পরিবর্তে আইনের শাসন হবে।  ২০২৪ সালের অভ্যুত্থানে যেই সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগকে আমরা কখনো ব্যাহত হতে দেব না। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে চাঁদপুরবাসীকে একতাবদ্ধ থাকতে হবে।

এনসিপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সমন্বয়ক মাহবুব আলম, এনসিপি নেতা মেহেদী হাসান তামিম, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাহ, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাসুদুল ইসলাম বুলবুল, খেলাফত মজলিসের সেক্রেটারি আবুল কালাম আজাদ, গণ অধিকার পরিষদের চাঁদপর জেলার আহবায়ক কাজী রাশেদ, জুলাই বিপ্লবে আহত আব্দুর রহমান শেখ, ঢাকা মহানগর দক্ষিণের এনসিপির প্রতিনিধি নাজির হোসেন, চাঁদপুর সদরে এনসিপির প্রতিনিধি তামিম খান প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জুলাই বিপ্লবে শহীদ আরিফ বেপারীর মমতাময়ী মা। তিনি রাষ্ট্রের কাছে এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান। আরে উপস্থিত ছিলেন শহীদ সুজন মিয়ার মা সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই বিপ্লবে আহতরা।