‘পড়িলে বই, আলোকিত হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে।
রোববার ৪ মে ২০২৫ ইং তারিখ দুপুরে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, “জিপিএ ৫ পেতে হলে আমাদেরকে পাঠ্যবইকে গুরুত্ব দিতে হবে, তবে যদি জ্ঞান বা প্রতিভার কথা বলি তাহলে সেই পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। একজন জ্ঞানী মানুষ যদি বেশি করে বই না পড়ে তাহলে তার প্রতিভার বিকাশ ঘটবে না। অনেকসময় আমরা শুনে শুনে বলি সে খারাপ লিখে। তুমি না পড়লে বুজতে পারবা না কে খারাপ লিখে আর কে ভালো লিখে। আমাদের বই পড়তে হবে।”
ডিসি উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, “তোমাদের এই বয়সটা হচ্ছে যতবেশি পড়বে ততবেশি শিখবা। ইন্টারেনেটের যুগে আমরা লেখাপড়া করি সত্য কিন্তু আমরা বই বিমুখ হয়ে পরেছি। বিমুখ বলতে আমরা পাঠ্যবই ছাড়া অন্যসব বই থেকে আমরা বিমুখ হয়ে গেছি। চলো আমরা বাকী বইগুলোর দিকেও মনোযোগ দেই।”
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশসহ বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক, কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত ভ্রাম্যমান বইমেলার বিভিন্ন দিক ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
