
চাঁদপুরে যৌথ টাস্কফোর্সের এক ব্লক-রেইড অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকাসহ মোঃ আব্দুর রহিম (৪৬) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল রহিম চাঁদপুর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন রেল কলোনি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু: মিজানুর রহমানের পরিচালনায় এ অভিযান চালানো হয়। যৌথ টাস্কফোর্সে জেলা পুলিশ এবং বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় স্টেশন রেল কলোনিতে আব্দুল রহিমের বসতঘরে যৌথ বাহিনীর টিম অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ২,৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা, ২টি মোবাইল হ্যান্ডসেট এবং ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।
অভিযানের সময় মূল অভিযুক্ত আব্দুল রহিম গ্রেফতার হলেও তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামিরা হলেন-রেলওয়ে কলোনি এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ ফারহান রানা (৩২) এবং যমুনা রোড (টিলাবাড়ি) এলাকার জলিল বেপারির ছেলে মোঃ জয় ইসলাম (২৬)।
আসামি আব্দুল রহিম চাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ঘাট এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে ৭ নম্বর ওয়ার্ডের বড় স্টেশন লোক কলোনিতে বসবাস করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানের সংগৃহীত আলামতের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান মামলার বাদী ও ডিএনসি চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা।
এদিকে, মাদকসহ গ্রেফতার হওয়ার ঘটনা জানতে পেরে রহিমকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

















