হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। শনিবার (৮ মার্চ ২০২৫) দুপুরে হাজীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
সাম্প্রতিক সময়ে যানজটে নাকাল হয়ে পড়ে হাজীগঞ্জবাসী। এর মধ্যে পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে যানজটের তীব্রতা আরো বেড়েছে। বিশেষ করে হাজীগঞ্জ সেতুর পূর্বপাড়ে টোরাগড় এলাকায় ট্রাক থেকে তরমুজ লোড ও আনলোড করার কারণে তীব্র যানজটে পড়তে হয় যাত্রী ও পথচারীদের। তাই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র মাহে রমজানের প্রথমদিন থেকেই হাজীগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। সর্বশেষ শনিবার (৮ মার্চ ২০২৫) হাজীগঞ্জ বাজারে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযান চলাকালে তিনি তরমুজ ব্যবসায়ীদের সতর্ক করেন এবং একটি নির্দিষ্ট সময়ে তরমুজ লোড ও আনলোডের নির্দেশনা দেন।
এদিকে অভিযান পরিচালনাকালীন সময়ে অর্থাৎ যতক্ষণ ইউএনও ও এসিল্যান্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাজারে থাকছেন ততক্ষণ বাজার যানজট মুক্ত, ফুটপাত ও সড়ক দখলমুক্ত থাকছে। কর্মকর্তারা চলে গেলে আবারো পূর্বের অবস্থায় ফিরে আসে ফুটপাতের হকাররা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, যানজট নিরসনে অভিযান অব্যাহত থাকবে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
