হাজীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

হাজীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে ইমন হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিদলা গ্রামের পাটওয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে সুপারি গাছে ওঠে ইমন। হঠাৎ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়।

ইমনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ইমন হোসেন মারা যায়।

নিহত ইমন হোসেন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের ইসমাইল সরদারের ছেলে। সে সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।