হাজীগঞ্জে সাপের কামড়ে জেসিমন বেগম (৩০) নামের তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত বুধবার (২৩ জুলাই) রাতে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাংগা গ্রামে নিজ বাড়ির বসতঘরে তার হাতে সাপে কামড় দেয়।
তিনি ওই গ্রামের মজুমদার বাড়ির দিনমজুর সোলেমান মজুমদারের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাতে খাটের ওপর শুয়ে নিজ শরীরে হাত পাখা দিয়ে বাতাস করছিলেন জেসমিন বেগম। এ সময় তার হাত থেকে হাতপাখাটি ঘাটের পাশে নিচে পড়ে যায়। তখন হাতপাখাটি তুলতে নিচে হাত দিলে সাপ কামড় দেয়। পরে স্থানীয় কবিরাজের চিকিৎসা নেন তিনি।
কিন্তু সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী সোলেমান মিয়া জানান, তার (স্ত্রী) মৃত্যুতে আমার বড় ক্ষতি হয়ে গেল। ছোট তিন সন্তানের লালনপালন নিয়ে তাকে বিপাকে পড়তে হবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার আগেই জেসমিন বেগম মারা গেছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ বিষয়ে কিছু জানি না। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
