শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর শহর জামায়াতের মতবিনিময় সভায়
ষড়যন্ত্রকে রুখে দিতে সর্বদাই জাগ্রত থেকে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকব
জেলা নায়েবে আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজী
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের পূজা মন্ডপ কমিটির সভাপতি-সেক্রেটারি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চাঁদপুর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে শহরের এক পার্টি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য উদাহরণ হলো চাঁদপুর জেলা ও উপজেলা। এই জেলা মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে সামাজিক ও ধর্মীয় উৎসব পালন করে থাকে। সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তনের পর একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী শান্তিপূর্ণ সহাবস্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় মেতে আছে। আমরা তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে সর্বদাই জাগ্রত থেকে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকব। প্রয়োজনে রাতজেগে পাশে থাকবো।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ বেলায়েত হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দৈনিক চাঁদপুর দিগন্তের প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, শুভাবাস সরকার, স্বামী শুবলানন্দজী, জামায়াত নেতা সবুজ খান, জুবায়ের খান, আব্দুল হাই লাবলু সহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কোরআন পাঠ করেন, দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, গীতা পাঠ করেন পঙ্কজ মল্লিক।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
